'আমাকে যারা চেনেনি তারা মাটির নিচে বসবাস করে, আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে'

নিজস্ব প্রতিবেদন
প্রশাসনকে নিয়ন্ত্রণে আনার মন্তব্যকে ঘিরে তুমুল সমালোচনার পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জামায়াতের কর্মপরিষদের সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এবার তার আরেকটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নতুন বিতর্ক তৈরি করেছে।
গত ১৩ নভেম্বর সাতকানিয়ার চরতি ইউনিয়নের তুলাতলী এলাকায় গণসংযোগকালে তিনি বলেন, “আল্লাহর ওয়াস্তে বাড়াবাড়ি করিয়েন না। আমার নাম শাহজাহান চৌধুরী। যারা আমাকে চিনে না, তারা এখন মাটির নিচে। আল্লাহ আমার পাশে আছেন, আমার জন্য সূর্যও দাঁড়িয়ে থাকবে।”
তিনি আরও দাবি করেন, কেউ তার বিরুদ্ধে ‘উল্টাপাল্টা’ বললে বা করলে “অবশ হয়ে যাবে”, এমনকি তার চোখের পানি ফেললেও “অবশ হয়ে যাওয়ার” শঙ্কা থাকে।
শাহজাহান চৌধুরী জানান, গত ১৮ বছরে ৯ বছর তিনি কারাভোগ করেছেন; ধন-সম্পদ নয়, মানুষের ভালোবাসা ও সমর্থনই তার কাছে মুখ্য। চরতি এলাকার প্রতি তার বিশেষ টান আছে বলেও উল্লেখ করেন তিনি। সেইসাথে জানান, সেখানে কোনো দল বা প্রতীক নয়—সাতকানিয়া–লোহাগাড়ার প্রতীক একটাই, আর সেটি দাঁড়িপাল্লা।
এর আগে ২২ নভেম্বর চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে দেওয়া তার বক্তব্যও তীব্র সমালোচনার জন্ম দেয়। সেখানে তিনি বলেন, স্থানীয় প্রশাসনকে ‘নিজেদের আন্ডারে’ আনতে হবে—প্রশাসন যাতে তাদের নির্দেশে চলতে পারে, গ্রেপ্তার ও মামলা করতে পারে।
তার ওই মন্তব্যের পর পুলিশ আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানায় এবং জামায়াত নেতৃত্বও তার কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.











