জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বিতর্কিত মন্তব্য ঘিরে সমালোচনা থামার আগেই তাঁর আরেকটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নতুন সেই বক্তব্যে তাঁকে বলতে শোনা যায়—ড. মুহাম্মদ ইউনূস নাকি তাঁকে ‘গার্ডিয়ান অব চিটাগাং’ হিসেবে ঘোষণা করেছেন এবং পুরো চট্টগ্রামের দায়িত্ব তাঁর ওপর দিয়েছেন।

তবে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন বিষয়টি সরাসরি নাকচ করে বলেন, এ ধরনের দায়িত্ব দিলে প্রশাসনের জানার কথা, কিন্তু এ বিষয়ে কোনো নির্দেশনা বা নোটিশ নেই।

জানা যায়, ১৫ নভেম্বর সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নের কর্মী সম্মেলনে শাহজাহান চৌধুরী এই বক্তব্য দেন। বক্তব্যের ৩ মিনিট ১৬ সেকেন্ডের ভিডিওতে তিনি দাবি করেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কারণে তাঁকে চট্টগ্রামের অভিভাবক হিসেবে ড. ইউনূস মনোনীত করেছেন। একই সঙ্গে তিনি সাতকানিয়া–লোহাগাড়াকে উপেক্ষিত অঞ্চল হিসেবে বর্ণনা করে চট্টগ্রামকে “সেকেন্ড সিঙ্গাপুর” বানানোর স্বপ্নের কথা বলেন।

ঘটনা সম্পর্কে তাঁর কাছে মন্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান জানান, বিষয়টি সম্পর্কে তাঁর কোনো ধারণা নেই। অন্যদিকে বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম মন্তব্য করেন, এ দাবি অবান্তর এবং অন্তর্বর্তী সরকারের সময়ে এমন দায়িত্ব দেওয়ার প্রশ্নই আসে না।

এর আগে গত শনিবার আরেক সমাবেশে শাহজাহান চৌধুরী প্রশাসনকে নিজেদের নিয়ন্ত্রণে আনার কথা বলে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। সেই বক্তব্যে তিনি দাবি করেন, নির্বাচনী এলাকায় পুলিশ থেকে শুরু করে শিক্ষক—সবাইকে জামায়াতের নির্দেশনায় কাজ করতে হবে। তাঁর সেই মন্তব্য দেশের রাজনৈতিক পরিমণ্ডলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল।