বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান প্রথমবারের মতো দলের একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল সভায় অংশ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত সভায় তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন। সেখানে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী ও ব্যারিস্টার এ.এম.এম মাহবুব উদ্দিন খোকনও উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রের ধারণা, জাইমার এই আনুষ্ঠানিক উপস্থিতি বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে নতুন দিগন্তের ইঙ্গিত দিচ্ছে। যদিও রাজনৈতিক অঙ্গনে তার আনাগোনা নতুন নয়—শৈশব থেকেই তিনি দাদি খালেদা জিয়ার সঙ্গে নানা রাষ্ট্রীয় ও দলীয় অনুষ্ঠানে দেখা যেতেন।

ব্যারিস্টারি সম্পন্ন করার পর জাইমার সক্রিয়ভাবে দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ বিএনপির নেতাদের কাছে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। দলের অনেক নেতার মতে, দেশ-বিদেশে তার উপস্থিতি বিএনপির সাংগঠনিক শক্তি, কূটনৈতিক যোগাযোগ এবং ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামোতে নতুন মাত্রা যোগ করতে পারে।

উল্লেখ্য, তিনি লন্ডনের খ্যাতনামা লিংকন্স ইন থেকে বার-অ্যাট-ল শেষ করেছেন। এর আগে কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ব্যারিস্টারি পাসের পর থেকেই তাকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।