মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি

ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত পুনরায় চালু করার পাশাপাশি আরও বেশি সংখ্যক কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২২ জুন) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠক শেষে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিক, শিক্ষার্থী, পেশাজীবী ও উদ্যোক্তারা দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। তাদের অবদান উভয় দেশের অর্থনীতি ও সমাজকে সমৃদ্ধ করছে।
তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ করেছি, মালয়েশিয়ার শ্রমবাজার যত দ্রুত সম্ভব বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করা হোক এবং ভবিষ্যতে আরও বেশি কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনা করা হোক।”
প্রধানমন্ত্রী জানান, বৈঠকে মালয়েশিয়ায় অবস্থানরত অনিয়মিত বাংলাদেশি কর্মীদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।
তারেক রহমান বলেন, উভয় দেশই একমত হয়েছে যে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করতে হবে। এতে শ্রমিকদের আর্থিক বোঝা কমবে এবং অভিবাসন প্রক্রিয়া আরও কার্যকর হবে।
এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, বাংলাদেশি প্রধানমন্ত্রীর স্পষ্ট অবস্থান এবং শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করার অঙ্গীকারকে তিনি স্বাগত জানান।
তিনি বলেন, “মালয়েশিয়ার শ্রমিক প্রয়োজন। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো শ্রমিক ও তাদের পরিবারের কল্যাণ নিশ্চিত করা। শ্রমিকদের শোষণ, দুর্ব্যবহার কিংবা ব্যক্তিগত লাভের হাতিয়ার হিসেবে ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
বাংলাদেশি শ্রমিকদের শোষণ ও হয়রানির অভিযোগের প্রসঙ্গ তুলে আনোয়ার ইব্রাহিম বলেন, উভয় দেশের সরকারকে এ ধরনের অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং নিয়োগ প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য এমন একটি ব্যবস্থা গড়ে তোলা, যা একদিকে দুই দেশের শ্রমবাজারের চাহিদা পূরণ করবে, অন্যদিকে শ্রমিক ও তাদের পরিবারের অধিকার ও স্বার্থও সুরক্ষিত রাখবে।”

Destiny desk
© 2026 Daily Destiny. All rights reserved.





