শিশুদের নিয়ে আছে আলাদা পরিকল্পনা, গুরুত্ব পাবে প্রাথমিক শিক্ষা: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদন
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শিশুদের ভবিষ্যৎকে গুরুত্ব দিয়ে দলটির আলাদা ও সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। সরকার গঠন করতে পারলে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে এবং শিক্ষকদের দক্ষ ও যোগ্য করে গড়ে তোলা হবে।
বুধবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আয়োজিত ‘আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বর্তমানে সরকারের বিভিন্ন প্রকল্প থাকলেও সেগুলো সমন্বিত নয়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সামাজিক নিরাপত্তা ও সুবিধাগুলো এক ছাতার নিচে আনার পরিকল্পনা রয়েছে। তিনি জানান, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে উৎপাদন বাড়াতে হবে এবং মধ্যস্বত্বভোগীদের অনৈতিক মুনাফা রোধ করতে হবে। পাশাপাশি দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণেও দ্রব্যমূল্য বাড়ে—এ বিষয়েও নজর দেওয়া হবে।
তিনি বলেন, সব পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে থাকবে মানুষের নিরাপত্তা ও দুর্নীতিমুক্ত প্রশাসন। এসব নিশ্চিত করা গেলে অন্যান্য সমস্যার সমাধান সহজ হবে।
শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, শুধু অবকাঠামো নয়—শিক্ষার মান উন্নয়নই সবচেয়ে জরুরি। শিশুদের ছোটবেলা থেকেই নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ শেখাতে হবে। পড়াশোনাকে আনন্দমুখর করে তুলতে হবে, যাতে শিশুরা আগ্রহ নিয়ে শেখে। একাডেমিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, শিল্প ও সংস্কৃতিকে শিক্ষাব্যবস্থার অংশ করার কথা জানান তিনি।
ঢাকার যানজট প্রসঙ্গে তারেক রহমান বলেন, সব সুযোগ-সুবিধা রাজধানীকেন্দ্রিক হওয়ায় চাপ বাড়ছে। ঢাকার বাইরে স্যাটেলাইট টাউন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যেখানে শিক্ষা ও স্বাস্থ্যসেবার পূর্ণ সুবিধা থাকবে। গণপরিবহন ব্যবস্থায় মনোরেলকে সম্ভাবনাময় বিকল্প হিসেবে উল্লেখ করেন তিনি।
প্রবাসী শ্রমিকদের বিষয়ে তিনি বলেন, অদক্ষ অবস্থায় বিদেশ গেলে তারা ক্ষতিগ্রস্ত হয়। তাই বিদেশগামীদের দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা দেওয়ার কথাও জানান তিনি।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










