রাজশাহীতে কৃত্রিম গুড় তৈরির বিরুদ্ধে অভিযান, মোটা অঙ্কের জরিমানা

নিজস্ব প্রতিবেদন
রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলায় খেজুর ও আখের গুড় উৎপাদন তুলনামূলক বেশি হলেও কিছু অসাধু ব্যবসায়ী ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে ভেজাল ও কৃত্রিম গুড় তৈরি করছে। বিএসটিআইয়ের মানসনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে এসব গুড় বাজারজাত করায় জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। ভেজাল রোধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
বুধবার (২১ জানুয়ারি) সকালে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে চারঘাট উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বিক্রির দায়ে রায়পুর এলাকার ‘মেসার্স মায়ের দোয়া বেকারি’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে উৎপাদনে ব্যবহৃত নিষিদ্ধ রং ও কেমিক্যাল জব্দ করা হয়।
চারঘাট উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাতুল করিম মিজানের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগের প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উপজেলায় দায়িত্ব নেওয়ার পর শুধু ভেজাল গুড় প্রতিরোধে চারটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে আটটি মামলায় মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া পিরোজপুর এলাকায় চিনি, ডালডা, চুন ও নন-ফুডগ্রেড রং ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ‘রাসেল গুড় ফ্যাক্টরি’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রায় দুই মণ ভেজাল গুড় জব্দ করে তা ধ্বংস করা হয়। ভেজাল গুড় ও অন্যান্য অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










