ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন এলাকায় চিকন চাকার ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চলাচলের অনুমতির দাবিতে রাজধানীর বাড্ডায় মানববন্ধনের ঘোষণা দেন রিকশা–ভ্যান শ্রমিকরা। তবে কর্মসূচি চলাকালে তারা হঠাৎ মূল সড়ক অবরোধ করলে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

পুলিশ জানায়, পূর্বঘোষণায় শুধু মানববন্ধনের কথা বলা হলেও বাড্ডা ফুজি টাওয়ারের সামনে চালকরা সড়ক আটকে দেন। কর্মসূচিটি আয়োজন করে ঢাকা বৃহত্তর দক্ষিণ সিটি করপোরেশনের ব্যাটারিচালিত রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। সংগঠনটির অভিযোগ, দীর্ঘদিন ধরে চিকন চাকার ব্যাটারি রিকশার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে শ্রমিকদের জীবিকা ঝুঁকির মুখে ফেলা হচ্ছে।

সড়ক অবরোধের ফলে বাড্ডা, রামপুরা ও আশপাশের এলাকায় যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে। ট্রাফিক গুলশান বিভাগ যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। রামপুরা ও কুড়িল বিশ্বরোডগামী যানবাহনকে গুলশান রুট এবং উত্তরাগামী গাড়িকে মহাখালী রুট ব্যবহারের অনুরোধ জানানো হয়।

বাড্ডা থানার পুলিশ জানায়, মেট্রোরেলের কাজ চলমান থাকায় এমনিতেই এলাকায় চাপ রয়েছে, তার ওপর সড়ক অবরোধ যানজটের ভোগান্তি কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।