শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা

নিজস্ব প্রতিবেদন
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকালে নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ মোট ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর রেজিস্ট্রারের কাছে এই ফরমাল চার্জ জমা দেওয়া হয়।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বিষয়টি নিশ্চিত করে জানান, জুলাই–আগস্ট আন্দোলনের সময় নারায়ণগঞ্জে ব্যাপক সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটে। তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে ওই হত্যাকাণ্ডগুলোকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগপত্রে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমান ছাড়াও তার ছেলে ইমতিনান ওসমান অয়ন ওরফে অয়ন ওসমানকে আসামি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই সময় নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং এতে আওয়ামী লীগ ও যুবলীগের অস্ত্রধারী কর্মীরা জড়িত ছিল।
এরই মধ্যে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে তদন্ত ও গ্রেপ্তারের স্বার্থে সংশ্লিষ্টদের বিস্তারিত পরিচয় আপাতত প্রকাশ করা হয়নি।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










