সাহস মানে কোনো বিপদের মুখে দাঁড়ানো নয়, সাহস মানে অন্যায় আদেশ না মানা- স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদন
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রকৃত সাহস মানে অন্যায় আদেশ প্রত্যাখ্যান করা, জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো এবং ন্যায় ও মানবিকতার পথে অবিচল থাকা। শনিবার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪১তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশ কোনো গোষ্ঠী বা ব্যক্তির স্বার্থে নয়, বরং জনগণের করের টাকায় পরিচালিত একটি রাষ্ট্রীয় সেবামূলক বাহিনী। তাই রাজনৈতিক চাপ, ব্যক্তিগত সম্পর্ক বা লোভ যেন কোনো পুলিশ সদস্যের বিবেককে প্রভাবিত না করে—এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ব্যক্তি স্বার্থে কাজ করলে তা শুধু আইন লঙ্ঘন নয়, রাষ্ট্রের ভিত্তিকেও দুর্বল করে বলে মন্তব্য করেন উপদেষ্টা।
মানুষ ভয় নয়, আস্থা ও নিরাপত্তা দেয়—এমন পুলিশ বাহিনী প্রত্যাশা করে উল্লেখ করে তিনি বলেন, মানবিক আচরণ দুর্বলতা নয়; বরং আধুনিক, পেশাদার ও দক্ষ পুলিশের পরিচয়। আইন প্রয়োগের পাশাপাশি তদন্ত, গ্রেপ্তার ও আচরণে নিরপেক্ষতা বজায় রাখাই পুলিশের বড় দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে তিনি নবীন সহকারী পুলিশ সুপারদের উদ্দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনে শতভাগ সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। কোনো প্রার্থী বা এজেন্টের কাছ থেকে আর্থিক সুবিধা বা আপ্যায়ন গ্রহণ না করার কঠোর বার্তাও দেন তিনি।
অনুষ্ঠানে প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারী কর্মকর্তাদের হাতে পদক ও সনদ তুলে দেওয়া হয়। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশের শীর্ষ নেতৃত্ব, প্রশিক্ষণার্থীদের অভিভাবক ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী ব্যুরো

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










