নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, এখনও সন্ধান মেলেনি ১০ জনের

নিজস্ব প্রতিবেদন
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে নিখোঁজ হওয়া একটি ছোট যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) দক্ষিণ সুলাওয়েসির বুলুসারাউং পাহাড়ি এলাকায় বিমানটির অংশবিশেষ খুঁজে পান উদ্ধারকারীরা। তবে এখনো বিমানে থাকা ১০ জন যাত্রী ও ক্রুর কোনো খোঁজ মেলেনি।
ইন্দোনেশিয়ান এয়ার ট্রান্সপোর্টের এটিআর ৪২-৫০০ মডেলের উড়োজাহাজটি শনিবার বিকেলে যোগ্যাকার্তা থেকে মাকাসারের উদ্দেশে রওনা হয়ে মাঝপথে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ হারায়। পরে বান্টিমুরুং–বুলুসারাউং জাতীয় উদ্যানসংলগ্ন দুর্গম পাহাড়ে এর ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়।
উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানান, বিমানের মূল কাঠামো, লেজ ও জানালার অংশ পাওয়া গেছে। যাত্রীদের খুঁজে বের করাই এখন উদ্ধার অভিযানের প্রধান লক্ষ্য। দুর্গম এলাকা ও ঘন কুয়াশার কারণে কাজ কঠিন হলেও আকাশ ও স্থলপথে অনুসন্ধান চলছে।
এই অভিযানে বিমান বাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবকসহ এক হাজারের বেশি মানুষ অংশ নিচ্ছেন। বিমানে তিনজন সরকারি কর্মকর্তা ও সাতজন ক্রু ছিলেন, যারা প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ মিশনে যাচ্ছিলেন। উল্লেখ্য, দ্বীপপ্রধান দেশ ইন্দোনেশিয়ায় বিমান যোগাযোগ গুরুত্বপূর্ণ হলেও নিরাপত্তা ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










