নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, প্রবাসী ভোটারদের জন্য চালু থাকা পোস্টাল ব্যালট ব্যবস্থায় কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই। শনিবার (১৭ জানুয়ারি) তিনি বলেন, বিদেশে ব্যালট পাঠানো ও ফেরত আনার প্রক্রিয়া দীর্ঘ ও জটিল হওয়ায় সেখানে নতুন ব্যবস্থা যুক্ত করা সম্ভব হচ্ছে না।

তবে দেশের অভ্যন্তরে ব্যবহৃত পোস্টাল ব্যালটে পরিবর্তনের চিন্তাভাবনা রয়েছে বলে জানান তিনি। বিশেষ করে আসনভিত্তিক প্রার্থীদের নাম সংযুক্ত করে পোস্টাল ব্যালট ছাপানোর বিষয়টি বিবেচনায় আছে। যেহেতু দেশীয় পোস্টাল ব্যালট এখনো ছাপানো হয়নি, তাই সেখানে প্রয়োজনীয় সংশোধনের সুযোগ রয়েছে।

এর আগে, গণভোট প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’—কোনো পক্ষের প্রচারণায় অংশ নিতে পারবেন না। তাদের নিরপেক্ষ থাকা বাধ্যতামূলক এবং বিষয়টি কঠোরভাবে মানা হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনে ভোটাররা প্রার্থী ও প্রতীক দেখে ভোট দেবেন, আর আলাদা ব্যালটে চারটি প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ দিয়ে মতামত জানাবেন। এই নির্বাচন ও গণভোট পরিচালনায় সারাদেশে ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা ও ৪৯৯ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।

নির্বাচনি তফসিল অনুযায়ী, মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি এবং প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।