উচ্চশিক্ষার বর্তমান ও ভবিষ্যৎ বিষয়ক সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদন
দেশের উচ্চশিক্ষার বর্তমান চিত্র ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে শুরু হওয়া এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন তিনি প্রধান অতিথি হিসেবে।
হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত সম্মেলনটি চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আয়োজনে এবং বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়েছে।
ইউজিসির তথ্যমতে, যুক্তরাজ্য, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিসহ মোট ৩০ জন আন্তর্জাতিক অতিথি সম্মেলনে অংশ নিচ্ছেন।
সম্মেলনের লক্ষ্য হলো দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং সার্কভুক্ত দেশগুলোর উচ্চশিক্ষা কমিশনের মধ্যে সহযোগিতা ও নেটওয়ার্ক আরও জোরদার করা। তিন দিনে মোট আটটি সেশনে উচ্চশিক্ষার গুণগত মান, সুশাসন, গবেষণা ও উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল রূপান্তর, কর্মসংস্থান, জেন্ডার ইস্যু ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা হবে।
শেষ দিনে ‘ঢাকা হায়ার এডুকেশন ডিক্লারেশন’ ঘোষণার মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










