জার্মান রাষ্ট্রদূতের সাথে জামায়াত আমীরের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার সকালে বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে অনুষ্ঠিত প্রাতরাশ বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠকে জার্মান দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শারলিনা নুজহাত কবিরও উপস্থিত ছিলেন।
আলোচনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়—সে লক্ষ্যে জার্মানির সহযোগিতা ও কারিগরি সহায়তার প্রত্যাশা জানানো হয়। একই সঙ্গে নারীর অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নে জার্মানির অব্যাহত সমর্থনের বিষয়টি গুরুত্ব পায়।
বৈঠকে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়েও মতবিনিময় হয়। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়বে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।
এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










