অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারা সরকারের ব্যর্থতা: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে এখনো কাঙ্ক্ষিত উন্নতি আসেনি। তবে শিগগিরই এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সোমবার (১২ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, নির্বাচন সামনে রেখে সরকার এখনো অবৈধ অস্ত্র উদ্ধার কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দৃশ্যমান সাফল্য দেখাতে পারেনি। এটিকে সরকারের ব্যর্থতা উল্লেখ করলেও বিএনপি সমাধানের ব্যাপারে আশাবাদী বলে জানান তিনি।
ক্রিকেট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের সম্মান রক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন জাতীয় দলের ক্রিকেটারকে অপমান করা মানে পুরো দেশকেই অসম্মান করা। এ ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেওয়া সিদ্ধান্তকে তিনি সমর্থন জানান এবং বলেন, ছোটখাটো বিষয় আলোচনার মাধ্যমে মীমাংসা করাই শ্রেয়।
রাজনৈতিক ইতিহাস প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রে উত্তরণ, গণমাধ্যমের স্বাধীনতা ও বিচার বিভাগের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তিনি দলটিকে একটি পরীক্ষিত রাজনৈতিক শক্তি হিসেবে উল্লেখ করেন।
নদীর পানিবণ্টন ইস্যুতে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে তিস্তা, পদ্মাসহ অভিন্ন নদীগুলোর ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানে যাবে। পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার ওপরও তিনি জোর দেন।
বিদেশে থাকা সমালোচকদের উদ্দেশে কড়া বক্তব্য দিয়ে তিনি বলেন, বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে জানে। পাশাপাশি দলের চেয়ারম্যান তারেক রহমানের স্থগিত উত্তরাঞ্চল সফরের বিষয়ে তিনি জানান, উত্তরবঙ্গ তার পিতৃভূমি—সময়মতো সেখানে তিনি অবশ্যই সফর করবেন।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










