ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে ১৫ লাখ টাকার বিনিময়ে স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বিরকে হত্যার চুক্তি করা হয়েছিল বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।


গত ৭ জানুয়ারি রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার রোডে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মুছাব্বির। প্রাথমিক তদন্তে জানা গেছে, কারওয়ান বাজারকেন্দ্রিক ব্যবসায়িক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।


রোববার বিকেলে রাজধানীর বেইলি রোডে ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি প্রধান।


ডিবি প্রধান জানান, ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে আসামিদের শনাক্ত করা হয়। পরে ঢাকা, মানিকগঞ্জ ও নেত্রকোনাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী মো. বিল্লাল, শুটার জিন্নাত মো. রিয়াজ এবং আসামিদের আত্মগোপনে সহায়তাকারী আব্দুল কাদিরকে গ্রেপ্তার করা হয়।


তিনি আরও জানান, এর আগে কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই মানববন্ধনকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে এবং এ ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়।


প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানান ডিবি প্রধান। এ মামলায় আপন দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।