দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

রোববার (১১ জানুয়ারি) জেদ্দায় অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) জরুরি অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানায়, উভয় পক্ষ বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি উচ্চপর্যায়ের সফর বিনিময়, বাণিজ্য সম্প্রসারণ ও শিক্ষা সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

এছাড়া বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও মতবিনিময় করেন দুই দেশের শীর্ষ কূটনীতিক।

এর আগে বুধবার রাতে টেলিফোনে কথা বলেন তৌহিদ হোসেন ও ইসহাক দার। তারও আগে রোববার চীন সফররত অবস্থায় ইসহাক দার ঢাকায় অবস্থানরত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আরেক দফা ফোনালাপ করেন।