হাদি হত্যার সুষ্ঠু বিচার নিয়ে যা বললেন আইজিপি

নিজস্ব প্রতিবেদন
শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যু পুরো জাতিকে নাড়া দিয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রংপুরে মহানগর পুলিশ ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের সঙ্গে এক বিশেষ কল্যাণ সভা শেষে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, ন্যায়ের পক্ষে কাজ করতে গেলে পুলিশের কর্তৃত্বকে প্রশ্নবিদ্ধ করা হলে তা কঠিন হয়ে পড়ে। তবে অন্যায় করলে পুলিশকেও জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান তিনি। বৈষম্যবিরোধী আন্দোলন থেকে সৃষ্ট মামলাগুলোর প্রসঙ্গে তিনি বলেন, অনেক নিরপরাধ ব্যক্তি মামলায় জড়িয়ে পড়েছেন— তাদের ক্ষেত্রে পুলিশ রিলিফ দেওয়ার চেষ্টা করছে। এজন্য দেশবাসীর সহযোগিতা ও সমর্থন প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
খোয়া যাওয়া অস্ত্র বিষয়ে আইজিপি জানান, পুলিশের প্রায় সাড়ে পাঁচ হাজার অস্ত্র হারিয়েছে, যার মধ্যে এখনো এক হাজার ৩৩০টি উদ্ধার হয়নি। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে। গত ১৩ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ২৫১টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
নির্বাচনকে সামনে রেখে ‘অপারেশন ডেভিল হান্ট-২’ প্রসঙ্গে তিনি বলেন, সম্ভাব্য ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে, যদিও এ নিয়ে রাজনৈতিক চাপ ও সমালোচনা রয়েছে। সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি স্থাপন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশের বডি ক্যামেরা ব্যবহারের উদ্যোগের কথাও জানান তিনি।
আইজিপি আরও বলেন, নির্বাচন পরিচালনায় পুলিশের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে— যা বাংলাদেশের ইতিহাসে প্রথম। প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে এই প্রশিক্ষণের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অতীতের দলীয়করণ ও গণবিরোধী কর্মকাণ্ড থেকে বেরিয়ে এসে পুলিশ এখন পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।
শেষে আইজিপি বলেন, অপরাধ শূন্যে নামানো কঠিন হলেও পুলিশের লক্ষ্য থাকবে যেন একজন মানুষও প্রাণ হারায় না। শহীদ শরিফ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করাকে পুলিশের বড় দায়িত্ব হিসেবে উল্লেখ করে তিনি জানান, জড়িতদের গ্রেপ্তার ও আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










