গণভোটেরর পক্ষে অথবা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে সরকারের পক্ষ থেকে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে। গণভোটে ‘না’ ভোট জয়ী হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী দল জুলাই সনদ মেনে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে বাধ্য থাকবে না। আর হ্যাঁ ভোট জয়ী হলে জুলাই সনদ মেনে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে নির্বাচিত সরকার বাধ্য থাকবে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, আসন্ন নির্বাচনে বড় একটি পর্যবেক্ষক দল পাঠাবে বলে জানিয়েছে ইইউ। এর আগে তারা কোনও পর্যবেক্ষক টিম পাঠায়নি। কারণ তারা মনে করেছে, আগের তিনটি নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। রোববার (১১ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন।

শফিকুল আলম আরও বলেন, নির্বাচনে সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হতে পারে। পতিত সরকারের লোকজন নির্বাচনে মিস ইনফরমেশন ছড়াতে পারে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি প্রস্তুত। সরকার ও নির্বাচন কমিশন (ইসি) মনে করে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভালো আছে। বাংলাদেশে প্রেক্ষাপটে দুয়েকটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। সরকার প্রত্যেকটা ঘটনা ভালোভাবে পর্যবেক্ষণ করছে। সব ঘটনাতেই আসামি ধরা পড়ছে।