পাকিস্তানে নির্মিত জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বাংলাদেশে বিক্রির বিষয়ে অগ্রগতি হয়েছে বলে ইঙ্গিত দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। বাংলাদেশ ও পাকিস্তান বিমান বাহিনীর প্রধানদের বৈঠকের পর এ নিয়ে শিগগিরই চুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বৈঠকে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান পাকিস্তানের বিমান যুদ্ধ সক্ষমতার প্রশংসা করেন এবং পুরোনো সরঞ্জাম ও প্রতিরক্ষা রাডার আধুনিকীকরণে সহায়তা চান। একই সঙ্গে জেএফ-১৭ যুদ্ধবিমান কেনার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এর আগে পাকিস্তান বাংলাদেশকে ‘সুপার মুশশাক’ প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহের আশ্বাস দেয়।

জেএফ-১৭ থান্ডার তুলনামূলক কম খরচের একটি বহুমুখী যুদ্ধবিমান, যার আনুমানিক দাম ২৫ থেকে ৩০ মিলিয়ন ডলার। পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি এই বিমান ইতোমধ্যে নাইজেরিয়া, মিয়ানমার ও আজারবাইজানসহ কয়েকটি দেশের বিমান বহরে যুক্ত হয়েছে। বিশ্লেষকদের মতে, ২০২৫ সালের সাম্প্রতিক আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে এই যুদ্ধবিমানের প্রতি আগ্রহ আরও বেড়েছে।

জেএফ-১৭-এর ব্লক-৩ সংস্করণে আধুনিক এভিওনিক্স, এইএসএ রাডার, ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের সুবিধা রয়েছে, যা একে ৪.৫ প্রজন্মের শক্তিশালী যুদ্ধবিমানে পরিণত করেছে। ব্যয়বহুল পশ্চিমা বা রুশ যুদ্ধবিমানের বিকল্প হিসেবে এটি অনেক দেশের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে।

বাংলাদেশের ক্ষেত্রে এখনো বিষয়টি আগ্রহ ও আলোচনার পর্যায়ে থাকলেও, দুই দেশের সামরিক যোগাযোগ ঘনিষ্ঠ হওয়ায় ভবিষ্যতে জেএফ-১৭ কেনার পথ সুগম হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।