সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদন
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। শনিবার (১০ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে শুরু হওয়া এ আয়োজনে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক এবং বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত হয়েই তারেক রহমান নিজে গিয়ে সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তার সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এই অনুষ্ঠানে জাতীয় দৈনিকের সম্পাদক, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের শীর্ষ নির্বাহী, বার্তা সংস্থার প্রধানসহ দেশের খ্যাতনামা সাংবাদিকরা অংশ নেন।
অনুষ্ঠান প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ সময় নানা বাস্তবতার কারণে দলের প্রধানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের সরাসরি সাক্ষাৎ বা শুভেচ্ছা বিনিময়ের সুযোগ হয়নি। তারেক রহমান নিজেই সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে আগ্রহ দেখানোয় এই আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, প্রায় দেড় যুগ যুক্তরাজ্যে অবস্থানের পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এরপর ৩০ ডিসেম্বর তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু হয়। এর দশ দিনের মাথায় শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তাকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। দায়িত্ব গ্রহণের পরদিনই প্রথম কর্মসূচি হিসেবে সাংবাদিকদের সঙ্গে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন তিনি।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










