সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১৪ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদন
গুমের পর হত্যা সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কি না—সে বিষয়ে আদেশের জন্য আগামী ১৪ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল উভয় পক্ষের শুনানি শেষে এই তারিখ ঠিক করেন। রাষ্ট্রপক্ষের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আদালতে অভিযোগের সারসংক্ষেপ ও সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করেন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট মুনসুরুল হক চৌধুরী ও অ্যাডভোকেট নাজনীন নাহার অভিযোগ থেকে জিয়াউল আহসানের অব্যাহতি চেয়ে শুনানি করেন।
এর আগে গত ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে ট্রাইব্যুনাল তা গ্রহণ করেন। মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ আনা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ১৫ আগস্ট রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে তাকে আটক করা হয়। পরদিন একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে তাকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে কারাগারে পাঠানোর পর বিভিন্ন মামলার পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










