রাজধানীর কদমতলীতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগের তিন দিন পর নিখোঁজ হওয়া মো. ওয়াসিম আহমেদ মুকছানকে উদ্ধার করেছে পুলিশ। তবে তদন্তে উঠে এসেছে, কোনো বাহিনী নয়—পরিবারের উদ্যোগেই তাকে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন সদস্য বলে জানা গেছে।

পুলিশ জানায়, মঙ্গলবার কদমতলী থানাধীন মেরাজনগর এলাকার একটি বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে ওয়াসিমকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

এর আগে শনিবার (৪ জানুয়ারি) ভোরে কদমতলীর রাজাবাড়ী আলী বহর এলাকায় পাঁচ-ছয়জন ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ওয়াসিমকে নিয়ে যান বলে অভিযোগ করেন তার স্ত্রী শারমিন আক্তার টুম্পা। তিনি ওই দিনই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, জিডির পর সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত হয়, ওয়াসিম কোনো বাহিনীর হেফাজতে নেই।

তদন্তে জানা যায়, দীর্ঘদিনের মাদকাসক্তির কারণে পরিবারের সিদ্ধান্তে তার ছোট ভাই ভোরে স্ত্রীকে না জানিয়ে তাকে নিরাময় কেন্দ্রে ভর্তি করেন। ভোরের সময় মাদকাসক্তদের সেখানে নেওয়া সহজ হওয়ায় এই সময়টি বেছে নেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ের অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

উদ্ধারের পর মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যদের উপস্থিতিতে এবং স্ত্রীর আবেদনের ভিত্তিতে ওয়াসিমকে তার স্ত্রী শারমিন আক্তার টুম্পার কাছে হস্তান্তর করা হয়।