ওসমান হাদিকে হত্যার নির্দেশদাতা কে এই বাপ্পী?

নিজস্ব প্রতিবেদন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডটি রাজনৈতিক প্রতিহিংসার ফল বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ডিবির ভাষ্য অনুযায়ী, এ হত্যার মূল নির্দেশদাতা ছিলেন তাজুল ইসলাম চৌধুরী বাপ্পী, যিনি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর।
মঙ্গলবার (৬ জানুয়ারি) মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম জানান, নিষিদ্ধ কার্যক্রমের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ফয়সাল করিম মাসুদসহ মোট ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এর মধ্যে ১২ জন গ্রেপ্তার হলেও পাঁচজন এখনো পলাতক রয়েছে।
ডিবি প্রধান আরও বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়ায় চার্জশিট দেওয়া হয়েছে। ফয়সাল করিম মাসুদের দেওয়া ভিডিওবার্তা প্রসঙ্গে তিনি জানান, বক্তব্য যাই হোক না কেন, তদন্তে তার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন, ১২ ডিসেম্বর পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করা হয় শহীদ শরিফ ওসমান বিন হাদিকে। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকায় এবং পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। পরে ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে মামলা রূপ নেয়।

Nusrat Jahan
© 2026 Daily Destiny. All rights reserved.










