সারজিসের হলফনামা ও আয়কর রিটার্নের তথ্যে অনেক গড়মিল

নিজস্ব প্রতিবেদন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হতে যাচ্ছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ জন্য তিনি নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন। তবে সেখানে দেওয়া আয় ও সম্পদের তথ্য নিয়ে প্রশ্ন উঠেছে।
হলফনামায় ২৭ বছর বয়সী সারজিস আলম নিজেকে ব্যবসায়ী পরিচয়ে বছরে ৯ লাখ টাকা আয়কারী হিসেবে উল্লেখ করেছেন। অথচ ২০২৫–২৬ অর্থবছরের আয়কর রিটার্নে তার বার্ষিক আয় দেখানো হয়েছে ২৮ লাখ ৫ হাজার টাকা, যা ঘোষিত আয়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এতে তার প্রকৃত আয়ের হিসাব নিয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে।
আয়ের পাশাপাশি সম্পদের তথ্যেও পার্থক্য রয়েছে। আয়কর নথিতে তার মোট সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছে প্রায় ৩৩ লাখ ৭৩ হাজার টাকা। কিন্তু হলফনামায় তিনি অনেক কম সম্পদের হিসাব দিয়েছেন।
হলফনামা অনুযায়ী, তার অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে প্রায় ৩ লাখ ১১ হাজার টাকা নগদ অর্থ, ব্যাংকে এক লাখ টাকা, ইলেকট্রনিক পণ্য ও আসবাব মিলিয়ে দেড় লাখ টাকা। কোনো স্বর্ণালংকারের উল্লেখ নেই। স্থাবর সম্পদ হিসেবে দানসূত্রে পাওয়া সাড়ে ১৬ শতাংশ কৃষিজমির কথা বলা হয়েছে, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ৫ লাখ টাকা। সব মিলিয়ে হলফনামা অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










