পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গ্রিন সিটি আবাসিক এলাকায় এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে গ্রিন সিটির ৮ নম্বর ভবনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে অ্যাটমটেক এনার্গো কোম্পানির কর্মী রাইবাকভ মাকসিম (২৮)-এর মরদেহ পাওয়া যায়।

পুলিশ জানায়, ছুটি শেষে কক্সবাজার থেকে ফিরে তার রুমমেট ফ্রোলিওভ কক্ষে ঢুকে মাকসিমকে মেঝেতে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে অবহিত করেন। খবর পেয়ে কোম্পানির নিরাপত্তা দল, রাশিয়ান চিকিৎসক ও ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে।

প্রাথমিকভাবে মৃত্যুর কারণ স্ট্রোক বলে ধারণা করা হচ্ছে। ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে কোম্পানির কাছে হস্তান্তর করা হয়েছে। রাশিয়ান দূতাবাসের মাধ্যমে মরদেহ রাশিয়ায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হবে।