মনোনয়ন ফিরে পেতে ইসিতে আপিল তাসনিম জারার

নিজস্ব প্রতিবেদন
ঢাকা–৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা তার বাতিল হওয়া মনোনয়ন পুনর্বহালের দাবিতে নির্বাচন কমিশনে আপিল করেছেন।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে আপিল আবেদন জমা দেন। এর আগে, গত ৩ জানুয়ারি ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
আপিল জমা দেওয়ার পর তাসনিম জারা বলেন, তিনি আইন অনুযায়ী প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের স্বাক্ষরসহ তালিকা জমা দিয়েছিলেন এবং সেটি সম্পূর্ণ সঠিক ছিল। তবে ওই সময় নির্বাচন কমিশনের ওয়েবসাইট কার্যকর না থাকায় স্বাক্ষরকারীদের ভোটার এলাকা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। যাদের স্বাক্ষর নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তাদের ভোটার আইডি কার্ডে ঢাকা–৯ আসনের তথ্যই উল্লেখ ছিল বলেও জানান তিনি। এ কারণে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল গ্রহণের প্রক্রিয়া সোমবার থেকে শুরু হয়েছে, যা চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত। এ উদ্দেশ্যে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থী নিজে কিংবা তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে আপিল করা যাবে।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










