জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি ও পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার অন্তর্বর্তী সরকারের মেয়াদেই সম্পন্ন করা হবে।

সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হাদি হত্যার ঘটনায় দ্রুত চার্জশিট দেওয়া হবে এবং ইতোমধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে সবাইকে বিধিনিষেধ মেনে চলতে হবে। যারা ভোট প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচার মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধ নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি জানান, ‘ডেভিল হান্ট–২’ অভিযানে এখন পর্যন্ত ১৪ হাজার ৫৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান, যাতে উগ্র বা ফ্যাসিস্ট শক্তির লোকজন কোনো দলের ভেতরে ঢুকে পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে—সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।