ভোক্তা পর্যায়ে আবারও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। জানুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দাম কার্যকর হওয়ার কথা জানানো হয়।

তবে বাস্তব চিত্র ভিন্ন। রাজধানীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে, সরকারি দরের ধারেকাছেও সিলিন্ডার বিক্রি হচ্ছে না। অধিকাংশ দোকানে ১২ কেজির একটি সিলিন্ডারের দাম হাঁকা হচ্ছে দুই হাজার থেকে ২ হাজার ২০০ টাকা পর্যন্ত। বিক্রেতারা দাবি করছেন, সরবরাহ সংকটের কারণে তারা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন, যদিও অনেক দোকানে পর্যাপ্ত মজুত দেখা গেছে।

কিছু বিক্রেতা জানান, নিয়মিত ক্রেতাদের তুলনামূলক কম দামে দেওয়া হলেও নতুন বা অনিয়মিত ক্রেতাদের কাছ থেকে বেশি টাকা নেওয়া হচ্ছে। সরকারি নির্ধারিত দামের বাইরে অতিরিক্ত অর্থ আদায় নতুন নয়, তবে একসঙ্গে ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত মূল্যবৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছেন ভোক্তারা।

এদিকে অতিরিক্ত দামে এলপিজি বিক্রির অভিযোগ জানাতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ (২৪ ঘণ্টা) কিংবা অনলাইনে www.dncrp.com–এ অভিযোগ করার সুযোগ রয়েছে।