বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনাসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সব ধরনের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (৫ জানুয়ারি) থেকে নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

রোববার (৪ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিষিদ্ধ এলাকার মধ্যে রয়েছে বাংলাদেশ সচিবালয় ও এর আশপাশ, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ, অফিসার্স ক্লাব মোড় এবং মিন্টু রোড এলাকা। এসব স্থানে সভা, সমাবেশ, মিছিল, মানববন্ধন, অবস্থান কর্মসূচি, শোভাযাত্রাসহ যেকোনো ধরনের জনসমাগমমূলক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে।