মৃত্যুজনিত কারণে খালেদা জিয়ার মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত

নিজস্ব প্রতিবেদন
বগুড়া-৭ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দাখিল করা মনোনয়নপত্রের বিষয়ে সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানায় রিটার্নিং কর্তৃপক্ষ।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান জানান, খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে তার মনোনয়নপত্র নিয়ে আর আইনগত কোনো প্রক্রিয়া চালানো সম্ভব নয়, তাই বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে। তিনি আরও জানান, বগুড়া-৭ আসনে চারজন প্রার্থীর মধ্যে একজনের মনোনয়ন বাতিল হয়েছে। দলীয় মনোনয়নপত্রে প্রয়োজনীয় স্বাক্ষর না থাকায় বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী আনছার আলীর মনোনয়ন বাতিল করা হয়। এ আসনে বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন বিএনপির মোরশেদ মিলটন, জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলাম।
অন্যদিকে বগুড়া-৬ (সদর) আসনে মনোনয়ন যাচাই শেষে দুই প্রার্থীর কাগজপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামী প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রে কোনো ত্রুটি পাওয়া যায়নি।
তবে এ আসনে তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। সম্পদের বিবরণী না দেওয়ায় বাসদের দিলরুবা নূরী, শিক্ষাগত সনদ দাখিল না করায় ইসলামী আন্দোলনের আবু নুমান মো. মামুনুর রশিদ এবং অসম্পূর্ণ হলফনামার কারণে জেএসডির আব্দুল্লাহ আল ওয়াকির মনোনয়ন বাতিল হয়।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










