ভেনেজুয়েলার প্রেসিডেন্ট সস্ত্রীক আটক, বললেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদন
ভেনেজুয়েলাকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ওই অভিযানের সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, অভিযানটি যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে পরিচালিত হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, অভিযানের মধ্যেই মাদুরো দম্পতিকে গ্রেপ্তার করা হয় এবং পরে তাদের ভেনেজুয়েলার বাইরে সরিয়ে নেওয়া হয়।
ট্রাম্পের এ দাবির সময়টি তাৎপর্যপূর্ণ, কারণ এর কিছু আগে ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি করেছিলেন প্রেসিডেন্ট মাদুরো। তবে অভিযানের সুনির্দিষ্ট সময়, স্থান কিংবা মাদুরোর বর্তমান অবস্থান সম্পর্কে ট্রাম্প কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।
এ বিষয়ে হোয়াইট হাউস বা পেন্টাগনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। একইভাবে ভেনেজুয়েলা সরকারও এখন পর্যন্ত ট্রাম্পের বক্তব্য নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এর আগে কারাকাসে বিস্ফোরণের ঘটনা ও যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের অভিযোগ তুলে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










