তথ্য সংশোধন করে প্রার্থিতায় টিকে গেলেন মামুনুল হক-ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদন
ঢাকা-১৩ আসনে হলফনামায় থাকা পেশাগত তথ্য ও নাগরিকত্বসংক্রান্ত ত্রুটি সংশোধনের মাধ্যমে নির্বাচনী প্রতিযোগিতায় বৈধতা পেয়েছেন খেলাফত মজলিসের নেতা মামুনুল হক এবং বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ। প্রাথমিক যাচাইয়ে তাদের মনোনয়নপত্রে কিছু কারিগরি অসংগতি ধরা পড়লেও শুনানিকালে প্রয়োজনীয় সংশোধন উপস্থাপন করায় প্রার্থিতা বহাল থাকে।
শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী এই সিদ্ধান্ত জানান। তার তথ্য অনুযায়ী, ঢাকা-১৩ আসনে জমা পড়া ১১টি মনোনয়নপত্রের মধ্যে ৬টি বৈধ ও ৫টি বাতিল হয়েছে।
বৈধ প্রার্থীরা হলেন— মামুনুল হক (খেলাফত মজলিস), ববি হাজ্জাজ (বিএনপি), সোহেল রানা (স্বতন্ত্র), মুরাদ হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. শাহাবুদ্দিন (বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি) এবং ফাতেমা আক্তার মুনিয়া (ইনসানিয়াত বিপ্লব)। আর বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন শেখ মো. রবিউল ইসলাম, মিজানুর রহমান, শাহরিয়ার ইফতেখার, মো. খালেকুজ্জামান ও রাজু আহমেদ।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করা যাবে। তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক ঘোষণা করা হবে। ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত চলবে প্রচারণা, আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










