আমরাই নির্বাচন করতে চাই, বহির্বিশ্বের কোনো চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদন
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পর্ক স্বাভাবিক ও ইতিবাচক রয়েছে এবং আসন্ন নির্বাচন নিয়ে কোনো বিদেশি চাপ নেই। শনিবার (৩ জানুয়ারি) মুন্সিগঞ্জে সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি জানান, নির্বাচনের আয়োজন পুরোপুরি বাংলাদেশের নিজস্ব উদ্যোগে হচ্ছে। স্বল্প সময়ের মধ্যেই আগামী ১২ ফেব্রুয়ারি ভোট আয়োজন করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। এ ক্ষেত্রে বাইরের কোনো দেশের চাপ বা হস্তক্ষেপের প্রশ্ন ওঠে না বলেও মন্তব্য করেন তিনি। অন্য দেশগুলো বাংলাদেশের সঙ্গে কীভাবে সম্পর্ক বজায় রাখবে, সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন।
ওসমান হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ মামলার বিচার প্রক্রিয়ায় তাড়াহুড়া করা সম্ভব নয়। ঘটনায় জড়িতদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ চলছে। সংশ্লিষ্টরা ভারতে অবস্থান করছেন বলে ধারণা থাকলেও তাদের নির্দিষ্ট অবস্থান এখনও নিশ্চিত হওয়া যায়নি। অবস্থান জানা গেলে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে বলে জানান তিনি। একই সঙ্গে দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন।
এর আগে সকালে তিনি মুন্সিগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন এবং ৪ আগস্ট নিহত তিন শহীদের কবর জিয়ারত করেন। এ সময় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ও পুলিশ সুপার মেনহাজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










