তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল, ইসিতে আপিলের ঘোষণা

নিজস্ব প্রতিবেদন
ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৩ জানুয়ারি) যাচাই–বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন তিনি।
সাংবাদিকদের তাসনিম জারা বলেন, বিধি অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দেওয়া হয়েছিল। জমা দেওয়া স্বাক্ষরের সংখ্যা প্রয়োজনের চেয়েও বেশি ছিল। যাচাইয়ের জন্য দৈবভাবে বাছাই করা ১০ জনের মধ্যে ৮ জনের তথ্য সঠিক পাওয়া গেলেও দুজনের ভোটার এলাকা নিয়ে আপত্তি ওঠে। এ কারণেই মনোনয়ন বাতিল করা হয়েছে।
তিনি জানান, যাদের নিয়ে আপত্তি এসেছে, তাদের একজন নিজেই জানতেন না যে তিনি ঢাকা-৯ আসনের ভোটার নন। অপরজনের কাছে থাকা জাতীয় পরিচয়পত্রের হার্ড কপির ঠিকানা অনুযায়ী তিনি নিজেকে ঢাকা-৯-এর ভোটার মনে করতেন, যদিও নির্বাচন কমিশনের ডাটাবেজে ভিন্ন তথ্য রয়েছে।
এর আগে গত ২৯ ডিসেম্বর তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন এবং তখন সামাজিক যোগাযোগমাধ্যমে তা জানিয়ে পোস্টও করেন।
উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করে তাসনিম জারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসীর কাছে নিজেকে এলাকার সন্তান হিসেবে তুলে ধরে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্তের কথা জানান।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










