বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদন
বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ২৫ মিনিটে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা যাচাই–বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান।
একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও অনুমোদন পেয়েছে। তবে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) প্রার্থী দিলরুবা নূরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, আয়কর রিটার্ন দাখিল না করায় তার প্রার্থিতা বাতিল হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এ আসনে দীর্ঘদিন বিএনপির প্রভাব ছিল। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত চারবার সংসদ সদস্য নির্বাচিত হন প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরবর্তীতে বিভিন্ন সময়ে জাতীয় পার্টি, বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থীরাও এখানে বিজয়ী হন।
বগুড়া পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার প্রায় ৪ লাখ ৪৯ হাজার।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন যাচাই চলবে। এরপর ৬–১২ জানুয়ারি আপিল, ১২–১৮ জানুয়ারি আপিল নিষ্পত্তি এবং ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










