ভেনেজুয়েলায় কোনো বিদেশি সেনার উপস্থিতি মেনে নেওয়া হবে না: প্রতিরক্ষামন্ত্রী পাদ্রিনো

নিজস্ব প্রতিবেদন
ভেনেজুয়েলার ভূখণ্ডে কোনো বিদেশি সেনা উপস্থিতি বরদাশত করা হবে না বলে কঠোর অবস্থান নিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। শনিবার (৩ জানুয়ারি) ভোরে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার মুখে দেশ সর্বাত্মক প্রতিরোধে প্রস্তুত।
পাদ্রিনো অভিযোগ করেন, ওই দিন ভোরে যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলার একাধিক বেসামরিক এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। এতে হতাহতদের সংখ্যা নিরূপণের কাজ চলছে বলেও তিনি উল্লেখ করেন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং যেকোনো বিদেশি সামরিক হস্তক্ষেপ কঠোরভাবে মোকাবিলা করা হবে—এমন হুঁশিয়ারিও দেন তিনি।
তার এই বক্তব্য আসে এমন সময়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন যে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় বড় ধরনের অভিযান চালিয়েছে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনও ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হয়নি।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










