খালেদা জিয়ার দেখানো পথ ধরেই এগিয়ে যাবে বিএনপি: রিজভী

নিজস্ব প্রতিবেদন
সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করেই দেশে গণতন্ত্র সমুন্নত রাখা হবে—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের দেখানো পথ ধরেই দল ও দেশকে এগিয়ে নেবেন।
শনিবার সকালে শেরেবাংলা নগরে খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে রিজভী বলেন, খালেদা জিয়া যে নৈতিকতা, আদর্শ ও জনগণের প্রতি দায়বদ্ধতার দৃষ্টান্ত রেখে গেছেন, সেটিই বিএনপির ভবিষ্যৎ রাজনীতির পথনির্দেশনা। তার দেখানো পথে এগোলেই গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা সম্ভব হবে।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে নির্যাতন, কারাবাস ও অসুস্থতা সহ্য করেও খালেদা জিয়া আপসহীন অবস্থানে ছিলেন। তার সাহস, ধৈর্য ও আত্মসংযম জাতির জন্য এক অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে। নানা অপপ্রচারের জবাব তিনি দিয়েছেন ভদ্রতা ও সৌজন্যের মাধ্যমে, যা তাকে জনগণের কাছে আরও উচ্চ আসনে পৌঁছে দিয়েছে।
রিজভী বলেন, তারেক রহমান সেই আদর্শের পতাকা হাতে নিয়ে দেশকে নতুন সম্ভাবনা ও নতুন দিগন্তের দিকে এগিয়ে নিতে কাজ করবেন। খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামই সেই পথের ভিত্তি।
এদিন জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী আফরোজা আব্বাসের নেতৃত্বে দলের নেতাকর্মীরা খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতে অংশ নেন। রিজভী বলেন, জানাজার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল প্রমাণ করে—খালেদা জিয়া আজও মানুষের হৃদয়ে অম্লান হয়ে আছেন।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










