খুলনার শিববাড়ি মোড়ে ডেকে নিয়ে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী শায়েখ মাহমুদ শাওন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব শেখ তাশিক আহমেদের ওপর হামলার চেষ্টার ঘটনায় অভিযুক্ত মিজানুর রহমান সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সোনাডাঙ্গা থানা পুলিশ তাকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মিজানুর রহমান সবুজ সাতক্ষীরা জেলার আওতাধীন একটি ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন। তার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তদন্তে আরও জানা যায়, সবুজের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, চেক জালিয়াতিসহ একাধিক প্রতারণা সংক্রান্ত মামলা রয়েছে। পাশাপাশি নারী কেলেঙ্কারি ও নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও তার বিরুদ্ধে উঠেছে, যার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

এ ছাড়া সাতক্ষীরার একটি এটিএম বুথ ডাকাতির ঘটনার সঙ্গেও তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এবং এ বিষয়ে ভিডিওসহ বিভিন্ন প্রমাণ পুলিশের হাতে এসেছে।

গ্রেপ্তারের পর শুক্রবার সকালে তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তাকে খুলনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


খুলনা প্রতিনিধি