‘এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না’

নিজস্ব প্রতিবেদন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনা কখনোই মুক্তি পাবেন না। গতকাল রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজার আগে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ব্যক্তিগত প্রতিহিংসা থেকে মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাবন্দি করে অমানবিক নির্যাতন ও প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছিল। ২০১৮ সালে সুস্থ অবস্থায় কারাগারে প্রবেশ করলেও তিনি বের হন মারাত্মক অসুস্থ হয়ে। পরবর্তী সময়ে দীর্ঘ সময় গৃহবন্দি রেখে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ায় তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে, যা শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয় বলে তিনি দাবি করেন।
নজরুল ইসলাম খান বলেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়েই প্রতিপক্ষ খালেদা জিয়াকে ব্যক্তিগত শত্রুতে পরিণত করে। স্বৈরাচারী শাসন, ষড়যন্ত্র ও দমন-পীড়নের মুখেও তিনি কখনো আপস করেননি। মতপ্রকাশের স্বাধীনতা ও ভোটাধিকারের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন, এজন্যই তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অনুপ্রেরণায় পরিণত হন।
তিনি আরও বলেন, আজ খালেদা জিয়া লাখো মানুষের ভালোবাসা ও সম্মান নিয়ে বিদায় নিচ্ছেন। আর যারা তাকে কারাবন্দি ও গৃহহীন করেছিল, তারা পালিয়ে বেড়াতে বাধ্য হয়েছে। ইতিহাসে এটাই সত্যের জয়।
খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে তিনি বলেন, ৪৩ বছরের দীর্ঘ রাজনীতিতে তিনি বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করেছেন, তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং ‘আপসহীন দেশনেত্রী’ হিসেবে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, নারী শিক্ষা, মুক্তিযোদ্ধা ও প্রবাসীদের কল্যাণে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
সবশেষে নজরুল ইসলাম খান বলেন, দেশ ও দেশের মানুষের প্রতি গভীর ভালোবাসা নিয়েই খালেদা জিয়া বিদায় নিয়েছেন। তার আদর্শ ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণতন্ত্র, শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










