খালেদা জিয়ার জন্য কবর খোঁড়া শুরু

নিজস্ব প্রতিবেদন
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফনের প্রস্তুতি শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই দাফনের জন্য কবরের স্থান নির্ধারণ ও মাপজোক করা হয়।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে জিয়া উদ্যানে দাফন করা হবে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ফজরের নামাজের পরপরই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। এ সময় তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত ছিলেন।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










