খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনা ও তার সরকারের দায় আছে: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদন
বেগম খালেদা জিয়ার মৃত্যুকে ঘিরে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, কারাবন্দি অবস্থায় বারবার নির্যাতনের শিকার না হলে হয়তো তাকে এত দ্রুত হারাতে হতো না। তার মতে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন সরকারের ভূমিকার দায় এ মৃত্যুর পেছনে এড়ানো যায় না।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল দাবি করেন, বেগম জিয়াকে যে মামলায় কারাগারে পাঠানো হয়েছিল, তা ছিল উদ্দেশ্যপ্রণোদিত ও সাজানো। সুপ্রিম কোর্টের আপিল ও রিভিউ রায়ের মাধ্যমেই সেই প্রহসনের বিচারিক সত্যতা প্রমাণিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে খালেদা জিয়ার চিকিৎসা ও অবস্থার খোঁজখবর রেখেছেন এবং প্রয়োজন হলে বিদেশে চিকিৎসার ক্ষেত্রেও সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হতো। তবে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, সরকার আরও আগে দায়িত্বে এলে হয়তো কিছু করা সম্ভব ছিল।
আইন উপদেষ্টা জানান, বেগম খালেদা জিয়া দেশের মানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান নিয়ে বিদায় নিয়েছেন—এটাই তাদের জন্য স্বস্তির বিষয়। পাশাপাশি তিনি জানান, জানাজা ও দাফন নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করেন।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










