আগামীকাল দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা

নিজস্ব প্রতিবেদন
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। জাতীয় মসজিদের খতিব জানাজা পরিচালনা করবেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে স্বামী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে দলের জরুরি বৈঠক শেষে এসব তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দুপুর ১২টায় দলের স্থায়ী কমিটির সদস্যরা জরুরি বৈঠকে অংশ নেন। বৈঠকে উপস্থিত ছিলেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। এমন এক সময়ে তিনি চলে গেলেন, যখন তার উপস্থিতি সবচেয়ে বেশি প্রয়োজন ছিল।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে সরকার ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি বুধবার সারাদেশে সাধারণ ছুটি থাকবে।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










