বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজ দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার কর্মসূচিকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার দুপুরের দিকেই কার্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা তৎপরতা বাড়ানো হয়।

দুপুর ১২টা ৩৫ মিনিটের পর থেকে কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটক সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এ সময় সীমিত সংখ্যক বিএনপির জ্যেষ্ঠ নেতাদের কার্যালয়ে প্রবেশ করতে দেখা যায়। কার্যালয়ের সামনে র‍্যাবের ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা যাচাইয়ের অংশ হিসেবে সুইপিং কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী অবস্থান করছেন। পুরো এলাকা জুড়ে সতর্ক নজরদারি বজায় রাখা হয়েছে।