বাংলাদেশের সীমান্ত দিয়ে যেন কোনো অপরাধী বা সন্ত্রাসী পালাতে না পারে—এ বিষয়ে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সকালে বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই নির্দেশনা দেন।

তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদারে প্রয়োজনে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে অপরাধী ও সন্ত্রাসীদের পলায়ন ঠেকাতে কোনো ধরনের শৈথিল্য চলবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবির ভূমিকার প্রশংসা করে জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে সর্বদা প্রস্তুত থাকতে হবে। এ ধরনের অপরাধে কোনো কর্মকর্তা বা সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত ব্যবস্থাপনায় কৌশলী ও দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জাতীয় স্বার্থ রক্ষায় বিজিবিকে পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। পাশাপাশি আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।