‘প্রিয় জেবুকে’ নিয়ে জাইমা রহমানের আবেগঘন পোস্ট

নিজস্ব প্রতিবেদন
দীর্ঘ দেড় যুগ পর দেশে ফেরার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আসা পোষা বিড়াল ‘জেবু’ সামাজিক মাধ্যমে আলাদা করে আলোচনার জন্ম দিয়েছে। এ প্রসঙ্গে এবার নিজের অনুভূতি প্রকাশ করেছেন তার কন্যা জাইমা রহমান।
সোমবার সকালে দেওয়া এক ফেসবুক পোস্টে জাইমা লেখেন, জেবুকে ঘিরে মানুষের আগ্রহ দেখে তিনি বিস্মিত হলেও বিষয়টি তাকে আনন্দ দিচ্ছে। তার ভাষায়, একটি প্রাণী লালন-পালন করা মানে বড় ধরনের দায়িত্ব নেওয়া, কারণ প্রাণীরাও আল্লাহর সৃষ্টি ও জীবন্ত সত্তা।
তিনি স্মৃতিচারণ করে জানান, ছোট্ট বিড়ালছানা হিসেবে ঘরে আসা জেবু ধীরে ধীরে পরিবারের অবিচ্ছেদ্য সদস্যে পরিণত হয়েছে। পরিবারের সবাই তার প্রতি গভীরভাবে জড়িয়ে পড়েন। কখনো বাগানে হাঁটার সঙ্গী, কখনো অনলাইন বৈঠকের নীরব সাথী, আবার কখনো নিঃশব্দে অনুভূতি বোঝা এক বিশ্বস্ত বন্ধু হয়ে উঠেছে জেবু।
জাইমা রহমান বলেন, পোষা প্রাণী নিয়ে বাসা বা দেশ বদলানো কতটা কঠিন, তা যারা প্রাণী লালন করেন তারাই ভালো বোঝেন। নতুন পরিবেশে মানিয়ে নেওয়াটা জেবুর জন্য বড় এক চ্যালেঞ্জ, যা মানুষের পক্ষে পুরোপুরি অনুধাবন করা সম্ভব নয়।
তার মতে, জেবু তাদের পরিবারকে ধৈর্য, মমতা ও নিঃশর্ত ভালোবাসার শিক্ষা দিয়েছে। ভাষা বা প্রজাতির ভিন্নতা সত্ত্বেও ভালোবাসা ও যত্ন যে সীমা মানে না, সেটাই সে শিখিয়েছে।
পোস্টের শেষে তিনি জেবু সম্পর্কে একটি মজার তথ্যও শেয়ার করেন—জেবু সাধারণ বিড়ালের মতো ‘মিউ মিউ’ শব্দ করে না। বরং খুশি বা বিস্ময়ে পাখির মতো নরম আওয়াজ করে, অপছন্দের ক্ষেত্রে আবার বেশ জোরালো প্রতিক্রিয়াও জানায়।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










