কোরআন-সুন্নাহর বাইরে কোনো আইন প্রণয়ন করা হবে না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি স্পষ্ট করে জানান, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান এবং বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে—কোরআন ও সুন্নাহর পরিপন্থী কোনো আইন দেশে প্রণয়ন করা হবে না।
রোববার (২৮ ডিসেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নে মানব কল্যাণ পরিষদ প্রাঙ্গণে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশ বর্তমানে এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং একটি মহল পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তাই সবাইকে সচেতন থাকতে হবে এবং ভেতরে ভেতরে বিভাজন তৈরি হতে দেওয়া যাবে না।
নির্বাচনকে ব্যাহত করার নানা চেষ্টার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এসব অপচেষ্টা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও জানান, আসন্ন নির্বাচনই তার শেষ নির্বাচন হতে যাচ্ছে এবং এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বলেন, দীর্ঘ ছয় বছর কারাভোগের পর মুক্ত হলেও তিনি এখনো অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় ধর্মীয় আলেম ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










