হাদি হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে, স্বীকার করলো পুলিশ

নিজস্ব প্রতিবেদন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (২৮ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।
তিনি জানান, ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত। হত্যাকাণ্ডের পর ফয়সাল ও তার এক সহযোগী ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায়। এ মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যেই মামলার অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পল্টনের বক্স কালভার্ট এলাকায় জুমার নামাজ শেষে প্রচারণা চালিয়ে ফেরার পথে মোটরসাইকেলে এসে শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকায় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর সেখানে তিনি মারা যান। ঘটনার পর করা হত্যাচেষ্টা মামলাটি হাদির মৃত্যুর পর আদালতের আদেশে হত্যা মামলায় রূপান্তর করা হয়।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










