রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের ছয়জন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)কে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা–১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির পক্ষে এতে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

অপসারণ হওয়া কর্মকর্তারা হলেন— মো. দেলোয়ার হোসেন, মাহমুদুল হক, মো. ইসহাক হোসেন, মো. মশিউর সহমান, মুহাম্মদ রাকিব আনোয়ার ও সাঈদ করিম মুগ্ধ। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুযায়ী তাদের চাকরি বাতিল করা হয়েছে।

বর্তমানে সারদা পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি প্রশিক্ষণ নিচ্ছিলেন ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তারা। আগামী মাসে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ হওয়ার কথা থাকলেও তার আগেই ছয় কর্মকর্তার চাকরি শেষ হলো।