কুয়াশার কারণে ঢাকায় নামতে পারলো না আন্তর্জাতিক ১০ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদন
ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার (২৭ ডিসেম্বর) সকালে নির্ধারিত সময় অনুযায়ী অবতরণ করতে পারেনি ১০টি আন্তর্জাতিক ফ্লাইট। নিরাপত্তাজনিত কারণে এসব ফ্লাইটকে বিকল্প হিসেবে চট্টগ্রাম, ভারতের কলকাতা ও থাইল্যান্ডের ব্যাংককে পাঠানো হয় বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।
একই সঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র শীত ও কুয়াশায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থানরত উপমহাদেশীয় উচ্চচাপ বলয় এবং দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপের প্রভাবে শীত ও কুয়াশার মাত্রা বেড়েছে। ফলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। আগামী পাঁচ দিনে তাপমাত্রা আরও কমার সম্ভাবনাও রয়েছে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচলের পাশাপাশি সড়ক ও নৌপথে যোগাযোগেও সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










