বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য—আঙুলের ছাপ, চোখের আইরিশ ও ছবি—প্রদান করার পর সর্বনিম্ন ৭ ঘণ্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাবেন। শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নিবন্ধন কেন্দ্রে সাংবাদিকদের এ তথ্য জানান এনআইডি উইংয়ের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।

তিনি জানান, তথ্য সংগ্রহের পর সেগুলো কেন্দ্রীয় ডেটাবেজে আপলোড করা হয় এবং সফটওয়্যারভিত্তিক প্রক্রিয়ায় স্বয়ংক্রিয়ভাবে এনআইডি নম্বর তৈরি হয়। অনুমোদন শেষ হলেই এনআইডি প্রস্তুত হয়ে যায়। এই প্রক্রিয়ায় কারও ব্যক্তিগত হস্তক্ষেপের সুযোগ নেই। কারও ক্ষেত্রে কয়েক ঘণ্টায় কাজ শেষ হলেও কারও ক্ষেত্রে সময় একটু বেশি লাগতে পারে।

হুমায়ুন কবীর আরও বলেন, ২০০৭ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের সময় তারেক রহমান কারাবন্দি ছিলেন। পরে ২০০৮ সালে জামিনে মুক্ত হয়ে চিকিৎসার জন্য লন্ডনে চলে যাওয়ায় এতদিন তার এনআইডি করা সম্ভব হয়নি। দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরে এবার সশরীরে নিবন্ধনের কাজ সম্পন্ন করছেন তিনি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা থাকায় ভোটার হওয়া তার জন্য জরুরি। মনোনয়নপত্র জমার শেষ সময় ২৯ ডিসেম্বর হওয়ায় নির্বাচন কমিশন বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ে এনআইডি প্রদানের প্রস্তুতি নিয়েছে।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ভবন এলাকায় বাড়তি নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতা দেখা গেছে।